ইবাদের জন্য প্রার্থনা

শহরে দাউদাউ করে ঘুরছিলাম আমি আর রাজু ভাই। রাজু ভাই মানে, আজকের তরুণ আলেমদের প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্ব হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু ভাই। আমাদের মজমায় শফি ভাই থাকেন (ড. শফি আহমদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক) মাঝেমধ্যে থাকেন ইমদাদ ভাই (আঞ্জুমানের সেক্রেটারি মাওলানা ইমদাদুল হক)। একদিন হলো কী, রাজু ভাই বললেন, আসেন, শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক সাহেবের সাথে দেখা করে আসি। কী একটা কাজে তিনি স্মরণ করেছেন। গেলাম আমরা দু‘জন। তিনি অপেক্ষা করছিলেন। সম্ভবত আঞ্জুমান-সংশ্লিষ্ট কোনো প্রকাশনা বিষয়ক কিছু আলাপ ছিলো, ঠিক মনে করতে পারছি না। তিনি স্মরণ করেছিলেন শাহ নজরুল ইসলাম সাহেবকেও। তিনি তখনো আসেননি। আমরা কথাবার্তা বলছি, তখন দেখলাম দরোজার বাইরে ইবাদকে, আমি জানতাম না নাম, মিষ্টি একটা চেহারা, রাজু ভাই বললেন, ওর নাম ইবাদ। চেহারাটি মনে থেকে গেলো। বেশ কবছর পরে কোনো এক অনুষ্ঠানে আবার তার সাথে দেখা। চট্টগ্রামে পড়াশোনা করছিলো তখন, আইটির নানা বিষয়ে দক্ষ হয়ে উঠছিলো এবং তার নামটি পরিচিত হয়ে উঠছিলো ধীরে ধীরে। মেধাবী ইবাদ সম্পর্কে জানলাম। পরে তাকে দেখেছি নানাভাবে।

এখন ইবাদ আপন কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করে চলছে। তারুণ্য তার মধ্যে মেধার ঔজ্জ্বল্যে প্রকাশিত হচ্ছে। ইবাদের বিয়ের সংবাদে আনন্দিত হলাম। জীবনের পূর্ণতার পথে তার অগ্রযাত্রা বরকতময় হোক। নবদম্পতির সংসার হোক সুখের উদ্যান।

মুসা আল হাফিজ
লেখক : দার্শনিক, কবি ও বুদ্ধিজীবী

Scroll to Top